‘গাজাকে ভুলে যেও না, আমাকেও ভুলো না’
গাজায় আল-জাজিরার নির্ভীক সাংবাদিক আনাস আল-শরীফ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। মৃত্যুর আগে তিনি একটি আবেগঘন বার্তা রেখে গেছেন, যা তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করা হয়েছে। চিঠিতে তিনি গাজাকে এবং তাকে ভুলে না যাওয়ার জন্য সবার কাছে আবেদন জানিয়েছেন। নিচে তার চিঠির সংক্ষেপিত অনুবাদ তুলে ধরা হলো:
“এটাই আমার শেষ ইচ্ছা এবং বার্তা। যদি এই কথাগুলো তোমার কাছে পৌঁছায়, তবে জেনে রেখো যে ইসরায়েল আমাকে হত্যা করতে এবং আমার কণ্ঠস্বর স্তব্ধ করতে সফল হয়েছে। আমি শৈশব থেকে আমার জনগণের পাশে থেকে তাদের কণ্ঠস্বর হওয়ার জন্য চেষ্টা করেছি। আমার ইচ্ছা ছিল, আমি আমার পরিবারকে নিয়ে আমাদের পূর্বপুরুষদের শহর দখলকৃত আসকালানে ফিরে যাব। কিন্তু আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত। আমি জীবনে অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু কখনো সত্য প্রকাশে দ্বিধা করিনি।
আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যারা নীরব থেকেছে, আমাদের হত্যা মেনে নিয়েছে এবং আমাদের শিশুদের ছিন্নভিন্ন দেহ দেখেও যাদের মন গলেনি, আল্লাহ যেন তাদের বিরুদ্ধে সাক্ষী থাকেন।
আমি আমার পরিবারকে তোমাদের হাতে তুলে দিয়ে গেলাম। আমার প্রিয় কন্যা শাম, যার বেড়ে ওঠা আমি দেখতে পারিনি। আমার প্রিয় পুত্র সালাহ, যাকে আমি জীবনের পথে শক্ত করে গড়ে তুলতে চেয়েছিলাম। আমার মা, যার দোয়া আমাকে এই অবস্থানে এনেছে। এবং আমার স্ত্রী উম্মে সালাহ (বায়ান), যে যুদ্ধের কঠিন সময়েও আমাদের বন্ধন অটুট রেখেছে।
হে আল্লাহ, আমাকে শহীদ হিসেবে কবুল করো, আমার সব গুনাহ মাফ করো, এবং আমার রক্তকে এমন আলোয় পরিণত করো যা আমার জনগণের স্বাধীনতার পথ আলোকিত করবে। আমি যদি কোথাও অপূর্ণ থেকে থাকি, তবে ক্ষমা করো। আমার জন্য রহমতের দোয়া করো, কারণ আমি আমার প্রতিশ্রুতি রেখেছি এবং কখনো বিশ্বাসঘাতকতা করিনি।
গাজাকে ভুলে যেও না… এবং তোমাদের আন্তরিক প্রার্থনায় আমাকে যেন আল্লাহ ক্ষমা করেন ও কবুল করে নেন, সেই দোয়া করতে ভুলো না।”
সাংবাদিক হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ
আল-জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফের মৃত্যুর পর বিশ্বব্যাপী ক্ষোভ ছড়িয়ে পড়েছে। গাজার আল-শিফা হাসপাতালের পাশে ৫ জন সাংবাদিককে হত্যার ঘটনায় বিক্ষোভকারীরা এসব হত্যাকাণ্ডের জবাবদিহিতা চেয়েছেন। তিউনিসিয়া, আয়ারল্যান্ড, জার্মানি এবং সুইডেনের স্টকহোমে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।











